ভাবুন তো, মার্ক জাকারবার্গ ফেসবুকের বিরুদ্ধে মামলা ঠুকলেন! শুনতে আবাস্তব লাগলেও ঘটনাটা একেবারেই বাস্তব। কিন্তু আপনি যেই মার্ক জাকারবার্গের কথা ভাবছেন তিনি নন।
ফেসবুকের প্রতিষ্ঠাতার সঙ্গে নাম মিলে যাওয়ায় বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের এক আইনজীবী। তার নামও মার্ক জাকারবার্গ। আর এ কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমটি বারবার তার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। তাদের অভিযোগ, তিনি নাকি একজন “বিখ্যাত ব্যক্তিকে নকল” করছেন।
এই হয়রানির শিকার হয়ে শেষ পর্যন্ত ফেসবুকের বিরুদ্ধেই মামলা করেছেন মার্ক এস জাকারবার্গ। তিনি জানান, গত আট বছরে পাঁচবার তার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এর ফলে ব্যবসায়িকভাবে তার হাজার হাজার ডলার ক্ষতি হয়েছে।
আইনজীবী মার্ক জাকারবার্গ বলেন, তিনি বহু বছর ধরে এই সমস্যায় ভুগছেন। ফেসবুক পেজে তার আইনি সেবা প্রচারের জন্য ১১ হাজার ডলারের বেশি খরচ করেছেন, অথচ মাঝে মাঝেই তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। এতে শুধু বিজ্ঞাপনের টাকাই নয়, ক্লায়েন্টের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তিনি মজা করে বলেন, “আমি যখন আইন পেশায় ঢুকি, তখন মেটার মার্ক জাকারবার্গের বয়স ছিল মাত্র কয়েক বছর!” এমনকি তার নামে একটি ওয়েবসাইটও আছে যেখানে তিনি নিজের এই নামজনিত অভিজ্ঞতা তুলে ধরেন।
মজার বিষয় হলো, আইনজীবী জাকারবার্গ প্রায়ই নানা সমস্যায় পড়েন তার নামের কারণে। ফোন করলে অনেকে মনে করেন তিনি মজা করছেন, এমনকি হোটেলে বুকিং দেওয়ার সময়ও ভুল বোঝাবুঝি হয়। লাস ভেগাসে বক্তৃতা দিতে গেলে একবার তো তার নাম লেখা প্ল্যাকার্ড দেখে অনেকে ভেবেছিলেন আসল ফেসবুকের জাকারবার্গ আসছেন! তবে মজা যতই হোক, যখন আর্থিক ক্ষতি হতে শুরু করল, তখন তিনি মামলা করতেই বাধ্য হলেন।
এক বিবৃতিতে মেটা বলেছে, “ভুলবশত বন্ধ করে দেওয়া মার্ক জাকারবার্গের অ্যাকাউন্টটি আমরা পুনরায় চালু করেছি। এই বিষয়ে তার ধৈর্যের জন্য আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতে যাতে এমনটা না ঘটে তার জন্য আমরা কাজ করছি।”
