সারাদিন গেম খেলে সময় নষ্ট বলে বকাঝকা শুনেছেন? এবার কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা! এক গবেষণায় দেখা গেছে, ভিডিও গেম খেলা শিশুদের আইকিউ (IQ) বাড়তে সাহায্য করতে পারে।
২০২২ সালে নেদারল্যান্ডস, জার্মানি ও সুইডেনের একদল গবেষক প্রায় ৯,৮৫৫ জন ৯-১০ বছরের শিশুর উপর গবেষণা করেন। তারা দেখতে পান, যারা গড়ের চেয়ে বেশি সময় ভিডিও গেম খেলেছে, তাদের আইকিউ দুই বছর পর গড়ে ২.৫ পয়েন্ট বেশি বৃদ্ধি পেয়েছে! বাচ্চারা গড়ে প্রতিদিন ২.৫ ঘণ্টা টিভি দেখত, ১ ঘণ্টা গেম খেলত, এবং ৩০ মিনিট সোশ্যাল মিডিয়া ব্যবহার করত। গবেষণায় দেখা যায়, টিভি দেখা বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের বুদ্ধিমত্তার উপর ইতিবাচক বা নেতিবাচক কোনো প্রভাব পড়েনি, কিন্তু গেম খেলা একটি ছোট হলেও গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন এনেছে। গবেষকরা জেনেটিক ও সামাজিক পার্থক্যগুলো হিসেব করে এই সিদ্ধান্তে পৌঁছান।
তবে এই গবেষণা নিশ্চিতভাবে বলে না যে শুধু গেম খেললেই বুদ্ধি বাড়বে। এটি একটি সম্ভাবনা দেখাচ্ছে মাত্র। গবেষকরা বলছেন, আরও বড় পরিসরে গবেষণা করা দরকার, কারণ গেম খেলা ছাড়াও আরও অনেক বিষয় আমাদের বুদ্ধিমত্তা ও শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।
