কাদার আগ্নেয়গিরি! শোনার সাথে সাথেই মনে হয়, আগ্নেয়গিরি মানে আগুন, ধোঁয়া আর লাভা। কিন্তু পৃথিবীর কোথাও কোথাও এমন আগ্নেয়গিরিও আছে যেখান থেকে বের হয় লাভা নয়, বরং ফুটন্ত কাদা! আশ্চর্যের বিষয় হলো, এই কাদার স্রোত কখনো শান্ত, আবার কখনো হয়ে ওঠে ভয়ংকর। ইন্দোনেশিয়ার সিদোরাজো এলাকায় এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছিল মানুষ।
২০০৬ সালে, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একাধিক জায়গা থেকে হঠাৎ কাদা বের হতে শুরু করে। ফুটন্ত কাদা, পানি, পাথর আর গ্যাস বের হয়ে আসতে থাকে মাটির নতুন ফাটল থেকে। ধীরে ধীরে কাদার ঢল গ্রাম-শহরকে ঢেকে ফেলে। মানুষজন বাধ্য হয়ে গ্রাম ছাড়ল। সরকার বিভিন্ন ভাবে কাদা ঠেকানোর চেষ্টা করল, কিন্তু ততদিনে আনেক গ্রাম কাদার নিচে চাপা পড়ে যায়। প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নিতে হয়।
মূলত পৃথিবীর ভেতরের চাপের কারণেই এমন ঘটনা ঘটে। সাধারণ আগ্নেয়গিরির মতো এখানেও ভেতরের গরম তরল পদার্থ বাইরে বের হয়, তবে লাভা নয়, বের হয় কাদামাটি। ভূগর্ভে জমে থাকা পানি, তেল বা গ্যাস চাপের মুখে ফেটে গেলে এই কাদা বেরিয়ে আসে। কখনো এগুলো নিরবে ধীরে ধীরে ঘটে, আবার কখনো মিথেন গ্যাসের কারণে মারাত্মক বিপজ্জনক হয়ে ওঠে।
আজারবাইজান, ইতালি, কিংবা জাপানসহ পৃথিবীর নানা জায়গায় কাদার আগ্নেয়গিরি দেখা যায়। বেশিরভাগ সময় এগুলো ক্ষতিকর হয় না, বরং বিজ্ঞানীদের জন্য গবেষণার দারুণ উপকরণ। কারণ, এগুলোর মাধ্যমে পৃথিবীর ভেতরকার রসায়ন ও তাপমাত্রা সম্পর্কে জানা যায়। তবে বড় পরিসরে বিস্তার ঘটলে মানুষের জন্য ভয়ংকর বিপদ বয়ে আনতে পারে, যেমনটা হয়েছিল ইন্দোনেশিয়ায়।
