চর্বি কি ঘাম হয়ে বের হয়? না কি বাথরুমে যায়? নাকি শরীরের কোথাও গলে যায়? ওজন কমা মানেই কি শক্তি বা পেশিতে রূপান্তর? উত্তর শুনলে চমকে যাবেন!
আসলে ওজন কমলে শরীরের চর্বি ভেঙে কার্বন ডাই-অক্সাইড আর পানি হয়ে যায়। এর মধ্যে ৮৪% বের হয়ে যায় নিঃশ্বাসের সাথে, মানে আপনি যেই বাতাস ফুঁ দিয়ে বের করছেন, তার মধ্যেই যাচ্ছে সেই চর্বি! বাকি ১৬% পানি হয়ে শরীরে মিশে যায়, যা পরবর্তীতে প্রস্রাব বা ঘামের মাধ্যমে বেরিয়ে আসে। এটা অনেকেই জানেন না—এক গবেষণায় দেখা গেছে, ১৫০ জন ডাক্তার ও ফিটনেস ট্রেইনারের মধ্যে মাত্র ৩ জন ঠিক করে উত্তর দিতে পেরেছেন!
শরীরে চর্বি ভাঙার প্রক্রিয়ায় অক্সিজেন লাগে। ১০০ গ্রাম ফ্যাট পুড়াতে লাগে ২৯০ গ্রাম অক্সিজেন, আর এতে তৈরি হয় ২৮০ গ্রাম কার্বন ডাই-অক্সাইড ও ১১০ গ্রাম পানি। তাই আপনি যা খাচ্ছেন, তা যতক্ষণ না আপনি ঘাম ঝরিয়ে, হাঁটাহাঁটি করে কিংবা কাজের মাধ্যমে পুড়াচ্ছেন, ওজন কমবে না। ঘুমানোর সময়ও আপনি নিঃশ্বাসে ২০০ গ্রাম কার্বন ডাই-অক্সাইড বের করেন! এমনকি দাঁড়িয়ে কাপড় পরতেও মেটাবলিক রেট দ্বিগুণ হয়, হাঁটলে তিন গুণ!
তাহলে, শুধু কম খেলে হবে না—নড়াচড়াও লাগবে। নিঃশ্বাসের সঙ্গে চর্বি বের করতেই হবে, আর সেটা সম্ভব শরীর নাড়ানোর মাধ্যমেই। তাই ওজন কমাতে চুপচাপ বসে না থেকে একটু হাঁটুন, ঘর মোছান, রান্না করুন—নিঃশ্বাসে বের হবে সেই অতিরিক্ত মেদ!
