দীর্ঘ অপেক্ষার পর এল বাংলা ক্যালকুলেটর

কখনো কি ভেবেছেন, ক্যালকুলেটর চাপলে স্ক্রিনে বাংলা সংখ্যা দেখা যাবে? বাচ্চারা গণিত করবে বাংলাতেই? অবশেষে সেই স্বপ্ন সত্যি হলো! ড. মাহমুদ হাসান নিয়ে এসেছেন ‘ধারাপাত’—প্রথম বাংলা ক্যালকুলেটর!

ড. মাহমুদ হাসান বাংলা সংখ্যা ডিজিটাল স্ক্রিনে আনার স্বপ্ন দেখেছিলেন ৩৬ বছর আগে। ডিজিটাল স্ক্রিনে ইংরেজি সংখ্যা ফুটিয়ে তোলার জন্য ৭টি সেগমেন্ট বা অংশ ব্যবহার করা হয়। কিন্তু বাংলা সংখ্যা একটু জটিল বিধায় ৭ সেগমেন্ট দিয়ে তা ফুটিয়ে তোলা সম্ভব হচ্ছিলনা। ফলে মাহমুদ হাসান আবিষ্কার করেন ১২ সেগমেন্টের ডিসপ্লে। কিন্তু সরকারিভাবে কোনো সহায়তা না পেয়ে নিজেই কাজ চালিয়ে যান। অবশেষে, ২০২৫ সালের বইমেলায় তিনি ‘ধারাপাত’ ও ডিজিটাল ঘড়ি ‘ধারাক্রম’ নিয়ে হাজির হন। জাতীয় পতাকার রঙে তৈরি এই ক্যালকুলেটরে রয়েছে লাল বোতাম, যেখানে লেখা আছে ১, ২, ৩—সব বাংলায়! স্টলে আসা ৯৫ ভাগ মানুষ এটি কিনতে চাইলেও, এখনো এটি বিক্রির জন্য বাজারজাত করা হয়নি।

এই ক্যালকুলেটর শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপযোগী, কারণ তারা খাতায় বাংলায় লিখলেও ক্যালকুলেটরে ইংরেজি সংখ্যা দেখে ভুল করে। ধারাপাত ব্যবহার করলে এই সমস্যা আর থাকবে না। এছাড়া, কৃষক ও ব্যবসায়ীরা সহজেই নিজেদের হিসাব মেলাতে পারবেন বাংলাতেই! মাত্র ৩৫০-৪০০ টাকায় এটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে, যাতে সবাই সহজেই কিনতে পারেন। তবে সবচেয়ে বড় কথা, ড. মাহমুদ এটি ব্যবসার জন্য করেননি—তিনি চান, বিজ্ঞানমনস্ক বাংলা ভাষাভাষী একটি প্রজন্ম গড়ে উঠুক!

অন্যদের মতো নিজের আবিষ্কারের পেটেন্ট করেও রাখেননি তিনি। বরং ধারাপাতকে ওপেন সোর্স রেখেছেন, যেন আরও নতুন নতুন বাংলা প্রযুক্তি তৈরি হয়। এখন দরকার শুধু একজন উদ্যোক্তা, যিনি এই ক্যালকুলেটরটিকে সবার হাতে পৌঁছে দেবেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *