চালকবিহীন গাড়ি তৈরির দুটি চীনা কোম্পানি Pony.ai এবং WeRide হংকংয়ের শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য চীনের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ অনুমোদন পেয়েছে। এর ফলে হংকং স্টক এক্সচেঞ্জে তাদের শেয়ার কেনাবেচার পথ খুলে গেল।
গুয়াংজু শহর-ভিত্তিক এই দুটি কোম্পানি ইতোমধ্যেই আমেরিকার Nasdaq স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত আছে। WeRide ২০২৪ সালের অক্টোবরে এবং এর এক মাস পর Pony.ai সেখানে তালিকাভুক্ত হয়েছিল।
এখন তারা চীনের অন্যান্য বড় কোম্পানির মতো হংকংয়ের শেয়ার বাজারেও নিজেদের যুক্ত করতে চাইছে।
আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে জমা দেওয়া কাগজপত্রে কোম্পানি দুটি জানিয়েছে যে, চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন (CSRC) তাদের এই প্রস্তাব অনুমোদন করেছে। কোনো চীনা কোম্পানি বিদেশে শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পারবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই CSRC নিয়ে থাকে।
রয়টার্সের খবর অনুযায়ী, WeRide হংকংয়ে তালিকাভুক্তির কাজ করার জন্য মর্গ্যান স্ট্যানলি এবং চায়না ইন্টারন্যাশনাল ক্যাপিটাল কর্পোরেশনকে দায়িত্ব দিয়েছে। কোম্পানিটি এই বছরের ডিসেম্বরের মধ্যেই তালিকাভুক্তির প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা করছে।
