একটা বন যদি ৭০ লক্ষ বছরের পুরনো হয়? আর সেই বনে বাস করে এমন একটা মাছ, যা আগে কখনোই চোখে পড়েনি? এমন বিস্ময়কর তথ্য উঠে এসেছে কেনিয়ার দক্ষিণ-পূর্বের গংগনি ফরেস্ট থেকে!
সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক নতুন কিলিফিশ প্রজাতি—Nothobranchius sylvaticus, যার মানে ‘বনের সঙ্গে সম্পর্কিত’। ২০১৭ ও ২০১৮ সালে “Off the Beaten Track” নামের এক প্রকল্পে এই মাছটি প্রথম সংগ্রহ করা হয়। গংগনি ফরেস্ট, মাত্র ৮.২ বর্গকিলোমিটার জায়গা নিয়ে গঠিত, কিন্তু এটি পূর্ব আফ্রিকার সবচেয়ে পুরনো বনগুলোর একটি। গবেষণায় অংশ নেন স্টেলেনবস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডার্ক বেলস্টেড সহ আন্তর্জাতিক একটি দল। তারা মাছটির শরীরের গঠন বিশ্লেষণ ও ডিএনএ সিকোয়েন্সিং করে নিশ্চিত হন এটি একটি নতুন প্রজাতি।
গবেষণায় উঠে আসে, এই মাছের পূর্বপুরুষ প্রজাতি থেকে বর্তমান N. sylvaticus আলাদা হয়েছে প্রায় ৭.০৯ মিলিয়ন বছর আগে। এর মানে, গংগনি ফরেস্ট নিজেই সেই সময় থেকেই টিকে আছে। এই বন পূর্ব আফ্রিকান মোজাইক অঞ্চলের অংশ, যেখানে সাভান্না ও বন একসাথে মিশে আছে। বিজ্ঞানীরা বলছেন, আফ্রিকার টেকটোনিক প্লেটের পরিবর্তন এবং পুরনো নদীপথগুলোর পরিবর্তনের সঙ্গেই এই মাছের বিবর্তন জড়িত।
তবে এত দারুণ আবিষ্কারের মাঝেও রয়েছে শঙ্কা। এই মাছ শুধু এই ছোট বনেই পাওয়া যায়, যার ফলে এটি এখনই মহাবিপন্ন হিসেবে চিহ্নিত হয়েছে। মাছটির মূল নমুনা সংরক্ষিত হয়েছে কেনিয়ার জাতীয় জাদুঘরে এবং অন্যান্য তুলনামূলক নমুনা রাখা হয়েছে বেলজিয়ামের রয়্যাল মিউজিয়ামে। এই ছোট্ট মাছ যেন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির অজানা রহস্য এখনও শেষ হয়নি—শুধু তার যত্ন নেওয়া দরকার।
