চীনের পাহাড়ি জঙ্গলে লুকিয়ে থাকা এক দুর্লভসৌন্দর্য। নতুন উদ্ভিদ Phlogacanthus xanthophyllus কীভাবে চিনে নিল বিজ্ঞানীরা?

চীনের ম্যাগুয়ান কাউন্টিতে ২০০৫ সালে প্রথম দেখা মেলে এক অজানা উদ্ভিদের। তবে তখন এটি সঠিকভাবে শনাক্ত করা যায়নি। অবশেষে ২০২১ সালে চীনের হেকো কাউন্টিতে আরও দুটি গাছ পাওয়ার পর, গবেষকরা নিশ্চিত হন—এটি একটি একেবারে নতুন প্রজাতি। চীনা বিজ্ঞান একাডেমির গবেষণা প্রতিষ্ঠান Xishuangbanna Tropical Botanical Garden (XTBG) এবং Kunming Institute of Botany (KIB) যৌথভাবে এই নতুন প্রজাতিটির নাম দিয়েছেন Phlogacanthus xanthophyllus।

এই গাছটি দেখতে খুবই চমকপ্রদ। এটি ১ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এর ফুলের রং হলুদাভ-সবুজ, গলায় বাদামি বা হলুদ ছোপ, আর ফিলামেন্টে গোলাপি দাগ—সব মিলিয়ে একেবারে ভিন্নরকম সৌন্দর্য। দেখতে অনেকটা Phlogacanthus pyramidalis প্রজাতির মতো হলেও এর পাতা চামড়ার মতো মোটা আর পাতায় ধুসর-সাদা ছোপ রয়েছে, যা একে আলাদা পরিচয় দেয়। এটি মার্চ থেকে জুন মাসে ফুল ফোটায় এবং এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ফলে ভরে ওঠে।

এটি মূলত ১০০ থেকে ৭০০ মিটার উচ্চতায়, ইউনানের চুনাপাথরের জঙ্গলে জন্মায়। বর্তমানে এর মাত্র তিনটি জনসংখ্যা (population) চিহ্নিত করা গেছে, যা চীন-ভিয়েতনাম সীমান্তের কাছাকাছি অবস্থিত। তাই বিজ্ঞানীরা ধারণা করছেন, উত্তর ভিয়েতনামেও এর খোঁজ মিলতে পারে। এখনো এর সংখ্যা ও বিস্তার পুরোপুরি জানা না যাওয়ায় একে IUCN-এর মতে ‘Data Deficient’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ, সংরক্ষণের প্রয়োজনীয়তা থাকলেও আরও গবেষণা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *