গাড়িতে বই পড়লে মাথা ঘোরে? বমি বমি লাগে? এমন অভিজ্ঞতা কি আপনারও হয়? গাড়িতে উঠলেই যদি মনে হয় পেট গুলিয়ে উঠছে, তাহলে সুখবর—বিজ্ঞানীরা এর দারুণ এক সমাধান বের করেছেন!
জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেছেন ১০০ হার্টজের এক বিশেষ শব্দ, যা আমাদের শরীরের ভারসাম্য রক্ষাকারী অংশকে উদ্দীপ্ত করে। এই শব্দ কানে পৌঁছালেই মাত্র ১ মিনিটের মধ্যেই কমে যায় মাথা ঘোরা, বমি ভাব এবং অস্বস্তি। গবেষণায় অংশগ্রহণকারীদের গাড়ি, দোলনা কিংবা ড্রাইভিং সিমুলেটরে বসিয়ে পরীক্ষাটি করা হয়। শব্দটি শোনার পর তারা আগের তুলনায় অনেকটাই স্বস্তি অনুভব করেন।
এই ‘সাউন্ড স্পাইস’ নামের শব্দটি শরীরের ভিতরের ওটোলিথিক অর্গানকে উদ্দীপ্ত করে, যা গতি ও মাধ্যাকর্ষণ বুঝে ভারসাম্য বজায় রাখে। এতে করে আমাদের ভেস্টিবুলার সিস্টেম সক্রিয় হয়, আর সেটাই কমিয়ে দেয় মোশন সিকনেসের উপসর্গ। শব্দটি এতটাই নিরাপদ যে এটি আমাদের দৈনন্দিন পরিবেশের শব্দের চেয়েও কম তীব্র। গবেষকরা বলছেন, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে।
গবেষণার ফলাফল বলছে—এই প্রযুক্তি শুধু কার্যকর নয়, বরং ভবিষ্যতে প্লেন বা জাহাজ ভ্রমণের সময়ও ব্যবহার করা যাবে। এর মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হতে পারেন, যাঁরা ভ্রমণের সময় মোশন সিকনেসে ভোগেন। গবেষকরা এখন এই প্রযুক্তি বাস্তবে ব্যবহার উপযোগী করে তুলতে কাজ করছেন।
